ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে ইয়াবাসহ দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো সাবিরুল ইসলাম সনেট ও আল আমিন। তারা দুইজন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সাবিরুল ইসলাম সনেট সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। সাবিরুল ইসলাম সনেট মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক ছাত্র আর আলামিন বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সূর্যসেন হলের একটি কক্ষ থেকে হাতেনাতে ইয়াবাসহ আবাসিক শিক্ষকরা এই দুইজনকে আটক করেন। সূত্র বলছে তারা ওই কক্ষে বসে নিয়মিত ইয়াবা সেবন করতো।
আটকের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই সাহেব আলী বলেন, ৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রি করা ৫২৪০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
আরও পড়ুন: পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে সেই কিশোরীর ধর্ষণকারী গ্রেফতার
এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মাকসুদ কামাল বলেন, হল প্রশাসন এ বিষয়ে খুবই কঠোর। তাদের বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি