জিম্বাবুয়ের প্রয়োজন দ্রুত অর্থনৈতিক সংস্কার: আইএমএফ

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, গর্ত থেকে বেরিয়ে আসতে জিম্বাবুয়ের অর্থনীতিতে দ্রুত সংস্কার করতে হবে। জিম্বাবুয়ে আইএমএফ মিশন প্রধান জেন লিওন বলেছেন, দেশটির সরকারি ব্যয় ও বিদেশি ঋণের পরিমাণ অনেক বেশি এবং দ্রুত সংস্কার প্রয়োজন।
 
রবার্ট মুগাবের পদত্যাগের পরে তার বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া শুক্রবার শপথ গ্রহণ করবেন। তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবেন। একসময়ে জিম্বাবুয়ে দ্রুত প্রবৃদ্ধির দেশে পরিণত হয়েছিল যেটি এখন ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত।
 
লিওন বলেন, জিম্বাবুয়ের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। ঘাটতিটা টেকসই পর্যায়ে নিতে তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। এছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অর্থনৈতিক সহায়তার বিষয়ে আলোচনা শুরু করতে হবে। ৩৭ বছর শাসনের পরে চলতি সপ্তাহে পদত্যাগ করেছেন রবার্ট মুগাবে। তার ভূমি সংস্কার নীতি ও প্রচুর নোট ছাপানোর কারণে জিম্বাবুয়ের অর্থনীতি দুরবস্থায় পতিত হয়।
 
জিম্বাবুয়ের বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ বলেছে, আমরা সতর্কতার সঙ্গে আশাবাদী যে নানগাগওয়া মুগাবের দুষ্ট, দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ শাসনের পুনরাবৃত্তি করবেন না। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির