ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে মধ্যপ্রাচ্যের নতুন হিটলার হিসেবে অভিহিত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব ও ইরানের মধ্যে তিক্ততা ও উত্তেজনা বাড়ার মধ্যেই সৌদি যুবরাজের এ মন্তব্য নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেলেও সর্বোচ্চ নেতাকে নিয়ে করা ওই মন্তব্যের এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
নাৎসী নেতা হিটলারের সঙ্গে আয়াতুল্লাহ খোমেনির তুলনা করতে গিয়ে মোহাম্মদ বিন সালমান বলেন, ইউরোপে যা ঘটে গেছে, মধ্যপ্রাচ্যে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইরানকে প্রশমিত করা যাবে না।
সাক্ষাৎকারে সৌদি যুবরাজ তার দেশে বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে, সে বিষয়েও কথা বলেছেন।
সৌদি যুবরাজ বলেছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে তাদের সৌদি রাষ্ট্রের কাছে প্রায় ১০ হাজার কোটি ডলার ফিরিয়ে দিতে হবে।
যুবরাজ বিন সালমান এছাড়াও দেশটিতে ধর্মীয় আচার ও রীতি নীতি সংস্কারের ব্যাপারে তার কিছু পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
তিনি জানান, আরো উদার ইসলামকে তিনি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তার ভাষায় নবী মোহাম্মদ (স.) যে ইসলামের কথা বলে গেছেন সেই ইসলাম তিনি ফিরিয়ে আনতে চান। বিবিসি/ নিউইয়র্ক টাইমস।
ইত্তেফাক/ রেজা