রোহিঙ্গাদের জন্য রাখাইন এখনো নিরাপদ নয়: জাতিসংঘ

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জাতিসংঘ বলছে, রাখাইনের পরিস্থিতি এখনো এতটা নিরাপদ হয়নি যে সেখানে রোহিঙ্গারা ফিরে গিয়ে বাস করতে পারে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়ার আহবানও জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। তবে কিভাবে তাদের ফেরত পাঠানো হবে তা কোনো পক্ষই স্পষ্ট করেনি।
 
ইউএনএইচসিআর’র মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ড সাংবাদিকদের বলেন, আমরা মনে করি, রাখাইনের পরিস্থিতি এখনো অনিরাপদ। সেখানকার পরিস্থিতি এখনো বসবাসের উপযুক্ত নয়। এখনো সেখান থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবসনে আন্তর্জাতিক মানকে গুরুত্ব দিতে হবে। আমরা এক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত, বলেন আদ্রিয়ান এডওয়ার্ড।
 
হিউম্যান রাইটস ওয়াচও বলছে, প্রত্যাবসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া উচিত।
 
ইত্তেফাক/এমআর