উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: চীনের ‘গভীর উদ্বেগ’

উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় বুধবার চীন ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে। একইসঙ্গে দেশটি এই পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আলোচনার আহ্বান জানায়।
 
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, বেইজিংয়ের প্রস্তাব হলো উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা বন্ধের বিনিময়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া বাতিল করা আর তা হবে চলমান উত্তেজনা নিরসনের সর্বোত্তম উপায়। তবে ওয়াশিংটন চীনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
 
গেং নিয়মিত নিউজ ব্রিফিংকালে বলেন, চীন আশা করছে যে এই ইস্যুতে সকল পক্ষ ‘শান্তিপূর্ণ সমাধানের’ পথেই হাঁটবে। সামরিক পদক্ষেপ এই সংকট সমাধানের সঠিক উপায় নয়। তিনি আরো বলেন, ‘চীন এই উৎক্ষেপণের বিরোধিতা ও তীব্র নিন্দা জানাচ্ছে।’
 
গেং বলেন, বেইজিং উত্তর কোরিয়াকে জাতিসংঘের শর্তাবলী মেনে চলার জন্য ‘জোরালোভাবে অনুরোধ’ করছে। চীন কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে যেতে পারে এমন পদক্ষেপ বন্ধের জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছে। তিনি আরো বলেন, ‘একই সঙ্গে আমরা আশা করছি যে এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্কতার সঙ্গে কাজ করবে।’ উল্লেখ্য, উত্তর কোরিয়া নতুন করে আন্তঃমহাদেশীয় দূর পাল্লার যে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করেছে তা যুক্তরাষ্ট্রের যে কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির