হানিপ্রীতসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

 
ধর্ষণের কারণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিমের তথাকথিত পালিতা কন্যা হানিপ্রীতসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সম্প্রতি হরিয়ানা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এ চার্জশিট দাখিল করে। 
 
ভারতীয় পেনাল কোড-এর ১২১ নং ধারায় তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। ২৮ নভেম্বর পাঁচকুলার অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ মুকেশ মালহোত্র সেখানকার চিফ জুডিশাল ম্যাজিস্ট্রেটের আদালতে এই চার্জশিট দাখিল করেন। এতে বলা হয়, হানিপ্রীত ও তার দলবল সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চেষ্টা করেছিল। 
 
এদিকে, ধর্ষণের কারণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিম ও তার তথাকথিত পালিতা কন্যা হানিপ্রীত সিংহকে নিয়ে মুখ খুললেন পাঁচকুলা কাণ্ডে গ্রেফতার হওয়া ডেরা সচ্চা সওদার বেশ কিছু ভক্ত। পুলিশকে প্রদত্ত জবানবন্দিতে তারা জানিয়েছেন, পাঁচকুলায় হিংসাত্মক ঘটনা ঘটিয়ে হরিয়ানার মনোহরলাল খট্টর সরকারকে অপদস্থ এমনকী উৎখাত করার পরিকল্পনা ছিল এই কুখ্যাত জুটির। তার পরে সুযোগ বুঝে বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
 
প্রসঙ্গত, হানিপ্রীত ওরফে প্রিয়ঙ্কা তানেজা ১৪ অক্টোবর থেকে অম্বালা সেন্ট্রাল জেলে বন্দি হিসেবে রয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি