ভক্ত ও পুণ্যার্থীর ভিড়ে মুখরিত কান্তজিউ মন্দির প্রাঙ্গণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

হাজার হাজার ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। রাতভর মন্দিরের চারিদিকে ভজন, কীর্তন আর ধর্মীয় সঙ্গীতের ধ্বনিতে অন্যরকম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এই মন্দির ঘিরে।  শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাতে পূর্ণিমা তিথিতে রাস উত্সবে দেশ-বিদেশ থেকে আগত এসব ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থী ভিড় জমায় কান্তজিউ মন্দির প্রাঙ্গণে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত এমন কি বিদেশ থেকেও কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আসতে শুরু করে পুণ্যার্থী ও ভক্তরা। সন্ধ্যা হতে না হতেই ভর্তি হয়ে যায় মন্দির ও এর আশপাশ এলাকা। রাত যতই গভীর হয়-ততই ভিড় বাড়তে থাকে মানুষের। কেউ এসেছেন মনোবাসনা পূরণে, কেউ এসেছেন মনোবাসনা পূরণের পর কৃতজ্ঞতা স্বরূপ মন্দিরে প্রণাম করতে, কেউ এসেছেন ঐতিহাসিক এই মন্দির দর্শনে, আবার কেউ কেউ এসেছেন রাস উত্সব স্বচক্ষে অবলোকন করতে।

উত্সবের আয়োজক দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে প্রেমনাথ জানালেন, তিনশ’ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই রাস উত্সব। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানালেন, রাস উত্সব এবং রাস মেলাকে কেন্দ্র করে কান্তজিউ মন্দিরকে ঘিরে নেয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। এদিকে রাস পূর্ণিমা উপলক্ষে কান্তজিউ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে মাসব্যাপী রাস মেলার।