পাকিস্তানের পেশোয়ারের কৃষি কলেজে তালেবানের বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়। হামলাকারীরা বোরকা পরে ঘটনাস্থলে আসে বলে জানা গেছে।
বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে আরো ৩৫ জন আহত হয়েছে। হামলার দুই ঘণ্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনী এসে সব হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়। পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানির এক বার্তায় বলা হয়, তারা পাকিস্তানের সামরিক বাহিনী গোয়েন্দা উইং আইএসআইয়ের একটি সেফহাউসকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে।
হামলাকারীরা বোরকা পরিহিত অবস্থায় অটোরিকশা করে আসে। ক্যাম্পাসে প্রবেশের আগে তারা একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে আহত করে। আহতেসানুল হক নামের এক ছাত্র জানিয়েছেন, ক্যাম্পাসের হোস্টেলে ৪ শতাধিক ছাত্র থাকে। কিন্তু ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে সবাই বাড়িতে গেছে, ১২০ জনের মত ক্যাম্পাসে ছিল। তিনি বলেন, গুলির শব্দে আমাদের ঘুম ভাঙে। আমি ঘুম থেকে উঠে শুনি সবাই ‘তালেবান হামলা করেছে’ বলে চিৎকার করে দৌড়াদৌড়ি করছে।
হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সের মেডিকেল ডিরেক্টর শেহজাদ আকবর বলেন, আহত ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। খাইবার টিচিং হাসপাতালে ভর্তি হওয়া আহত ৩ জনের মৃত্যু হয়েছে, সেখানে ১৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। রয়টার্স।
ইত্তেফাক/সাব্বির