ভারতের ধর্মশালা থেকে যাত্রীবোঝাই বিলাসবহুল একটি বাসে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিহার থেকে ঘুরতে আসা প্রকাশ কুমার নামে বছর সাতাশের এক ব্যক্তি। কিন্তু কিছুক্ষণ পরেই তার পরিহিত মোজা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে, তা নিয়ে সহযাত্রীদের সঙ্গে তার বাসেই বাকবিতণ্ডা হয়। অতঃপর ওই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে যান তিনি।
IMG0
ঘটনাটি অবশ্য গত ২৭ নভেম্বরের। জানা গেছে, বাস ছেড়ে দেয়ার অল্পক্ষণ পরেই কটু গন্ধ আসে প্রকাশের মোজা থেকে। এরপরেই প্রকাশকে ওই মোজা খুলে ব্যাগে রাখার অনুরোধ করেন যাত্রীরা। মোজাটি ফেলে দেয়ার পরামর্শ দেন কেউ কেউ। কিন্তু কোনো প্রস্তাবই মানতে চাননি প্রকাশ। মোজা খোলা নিয়ে বাসের অন্যান্য যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় তার।
IMG1
এরপরেই উনা জেলার ভারওয়াইনে চালককে বাস থামাতে বাধ্য করেন যাত্রীরা। স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয় প্রকাশকে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। তবে কিছুক্ষণের মধ্যে জামিন পেয়ে যান প্রকাশ। উনার পুলিশ সুপার সঞ্জীব গান্ধী জানান, সহ-যাত্রীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। পুলিশকে প্রকাশ জানান, তার মোজায় কোনোরকম দুর্গন্ধ না থাকা সত্ত্বেও বিনা কারণে তাকে অপমান করা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু