ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির উপর যৌন হয়রানি এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নুসরাত হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, 'স্বাধীনতার এত বছর পরে যদি এখানে বিচারের দাবি নিয়ে দাঁড়াতে হয় তাহলে কি মূল্য এই স্বাধীনতার।
বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম হানিফ বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বাবা-মা তাদের মেয়েদের নিয়ে শঙ্কিত। আজ কোথাও আমাদের বোনেরা নিরাপদ নয়। বাড়িতে, রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদেরকে যৌন হয়রানির স্বীকার হতে হয়। ধর্ষকের পরিচয় যেন হয় শুধুই ধর্ষক। কোন আলেম কিংবা মাদ্রাসার হুজুর যেন তাদের পরিচয় না হয়।
আরও পড়ুন: বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় গ্রামবাসীর করা মামলা খারিজ
উল্লেখ্য, গত ৬ এপ্রিল (শনিবার) সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
ইত্তেফাক/অনি