আমাকে সরাতে পাকিস্তানে গিয়ে চুক্তি করেছিলেন মণিশঙ্কর: নরেন্দ্র মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের প্রবীণ নেতা মণিশঙ্কর আয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, পাকিস্তানে গিয়ে আমাকে সরানোর জন্য তিনি চুক্তি করেছিলেন। পাকিস্তান সফরকালে তিনি সেখানকার লোকদের বলেছিলেন, মোদীকে রাস্তা থেকে সরিয়ে দিন এরপর দেখুন ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়ায় কী ঘটে। 
 
মোদী বলেন, আমাকে সরিয়ে দেয়ার মানে কী? আমার অপরাধ কী? আমার প্রতি জনগণের আশীর্বাদ রয়েছে এটাই কী দোষ? আমাকে সরানোর চুক্তিতে জনগণ ভীত নয়। গুজরাট নির্বাচনের প্রথম দফার ভোটের একদিন আগে গতকাল শুক্রবার রাজ্যের বানাসকান্তায় এক সমাবেশে এই অভিযোগ করেন নরেন্দ্র মোদী।
 
ইতিমধ্যে আয়ার’কে দল থেকে সাময়িক বরখাস্ত করেছে কংগ্রেস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে। মোদীর অভিযোগের বিষয়ে গতকাল গুজরাটে এক সমাবেশে কংগ্রেসের ভবিষ্যৎ সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রীর পদকে অবশ্যই সম্মান করতে হবে। কংগ্রেস সবসময় প্রধানমন্ত্রীর পদকে সম্মান করে। এজন্য মণিশঙ্কর আয়ারকে বরখাস্ত করা হয়েছে।
IMG0
এদিকে আজ শনিবার গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৮৯ আসনে ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ দফার ভোট হবে ১৪ ডিসেম্বর। ফল ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর। গতকাল নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। দুই দলই জোর নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। নির্বাচন পূর্ব বিভিন্ন জরিপের ফল বলছে, জিতলেও গতবারের চেয়ে কম আসন পাবে বিজেপি। এবিপি নিউজ-সিএসডিএসের শেষ জনমত সমীক্ষায় বলা হয়েছে, ১৮২ আসনের বিধানসভায় বিজেপি পেতে পারে ৯১-৯৯টি আসন। কংগ্রেস ৭৮-৮৬টি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ৩-৭টি আসন। জরিপে দেখা যায়, কংগ্রেস ও বিজেপি উভয়ই ৪৩ শতাংশের মতো ভোট পেতে পারে।
 
২০১২ সালের বিধানসভা ভোটে ৪৮ শতাংশ ভোট পেয়ে বিজেপি ১১৫টি আসন জিতেছিল। কংগ্রেস ৪০ শতাংশ ভোট পেয়েছিল। তবে জিতেছিল ৬১ আসনে। তখন ২৮টি আসনে কংগ্রেসের হারের ব্যবধান ছিল ৪ হাজার ভোটেরও কম। এবার ভোটের হার বাড়ায় আসনও বাড়ছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু