মালিতে সামরিক অভ্যুত্থানকারী নেতার বিচার শুরুর আহ্বান

মালির একটি মানবাধিকার সংস্থা শুক্রবার অবিলম্বে দেশটির সামরিক অভ্যুত্থানকারী সাবেক নেতা আমাদৌ সানোগোর বিচার শুরুর আহ্বান জানিয়েছে। তার বিরুদ্ধে ২০১২ সালে ২১ সেনাকে হত্যার অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন সানোগো মালিতে একই বছর একটি সামরিক অভ্যুত্থান করেছেন। খবর এএফপি’র।
 
ওই ২১ সেনাকে হত্যার অভিযোগে ২০১৬ সালের নভেম্বর মাসে সানোগোর বিচার শুরু হয়। কিন্তু আসামীপক্ষের আইনজীবীরা সেনাদের লাশের ফরেনসিক পরীক্ষার ফল প্রত্যাখ্যান করার পর বিচারটি বন্ধ হয়ে যায়। একটি গণকবরে সেনাদের লাশগুলো পাওয়া যায়।
 
মালি’র মানবাধিকার সংস্থা এএমডিএইচ এর প্রধান মোক্তার মারিকো বলেন, ‘আমরা চাই জেনারেল আমাদৌ সানোগোর বিচারকার্য দ্রুত শুরু হোক এবং মালির মধ্যাঞ্চলে ওই কর্মকর্তাদের অপহরণ ও হত্যাকাণ্ডের তদন্ত হোক।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু