জলবায়ু নিয়ে ট্রাম্পের চিন্তায় পরিবর্তন আনতে হবে: ম্যাক্রঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তায় পরিবর্তন আনতে হবে। তিনি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে এই মন্তব্য করেছেন। প্যারিসে ওয়ান প্লানেট সম্মেলন উপলক্ষে দেওয়া সাক্ষাতকারে ধনী দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তহবিল সংগ্রহে এগিয়ে আসার আহবান জানান ম্যাক্রঁ। 
 
প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত গরীব দেশগুলোকে সহায়তায় ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বিশ্বের কোম্পানিগুলোকেও এক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খুবই কঠোর সিদ্ধান্ত এবং বেসরকারি খাতকে আরো ভয়াবহ করে তুলবে।
 
 তিনি সিবিএসকে বলেন, আমরা যদি এগিয়ে না আসি, আমাদের আচরণ কিংবা সিদ্ধান্তে পরিবর্তন না আনি তাহলে আমাদের জন্য লাখ লাখ লোক ভুগবে। এর জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরই দায়ী করবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের সম্মেলনে একটি যুগোপযোগী সিদ্ধান্ত প্রণয়ন করা হবে।
 
ইত্তেফাক/সাব্বির