ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে পাকিস্তানের নওয়াজ শরীফ প্রশাসনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, ভারতীয় দূতাবাসের তিন শীর্ষ কর্মকর্তাকে ‘হানি ট্র্যাপে’ ফেলার ছক করেছিল পাকিস্তান। যদিও এই চেষ্টা সফল হয়নি বলেও দাবি করেছে তারা।
‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মরত তিন কর্তাকে ‘হানি ট্র্যাপ’ এর ফাঁদে ফেলার ছক কষেছিল আইএসআই। তবে নিরাপত্তার খাতিরে ওই তিন ভারতীয় কর্তার নাম প্রকাশ্যে আনা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। গোপন নথি হাতিয়ে নেয়ার জন্যই গত সপ্তাহে আইএসআই এই চক্রান্ত চালিয়েছিল বলে রিপোর্টে অভিযোগ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ওই তিন ভারতীয় কর্তা হাই কমিশনে মূলত অনুবাদকের দায়িত্বে ছিলেন। ভাষা বিভাগে কর্মরত ওই তিন কর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথির অনুবাদের কাজ করতেন। চক্রান্তের বিষয়টি অনুমান করার পরই নয়াদিল্লীর সঙ্গে যোগাযোগ করেন তারা। পরবর্তীতে তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু