আবার এসি মিলানে দেখা যেতে পারে জ্লাটান ইব্রাহিমোভিচকে। ইতালির ক্রীড়া দৈনিক লা গেজেতা দেল্লো স্পোর্ট জানাচ্ছে সুইডিশ স্ট্রাইকারটি ছয়মাসের ধারে এসি মিলানে আসতে পারেন। দুই পক্ষই এ ব্যাপারে সমঝোতার দ্বারপ্রান্তে। জানুয়ারিতে দলবদলের সময়ে এ ব্যাপারে চুক্তি হতে পারে। বর্তমানে এলএ গ্যালাক্সির খেলোয়াড় জ্লাটান সম্প্রতি জানিয়েছেন এটা ‘কোনো গোপন’ ব্যাপার নয় যে ইতালির ক্লাবটি তার প্রত্যাবর্তন দেখতে চায়। শুধু তাই নয়, দুই পক্ষই এ বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে। গেজেতার মতে দুই পক্ষের পুনর্মিলনের পাশাপাশি আগামি জুলাইয়ে গিয়ে জ্লাটানের ইতালিতে আসা স্থায়ী রূপও নিতে পারে। তিনি এর আগে ২০১০-১১ সালে ধারে এবং পরের মৌসুমে স্থায়ীভাবে এসি মিলানে খেলেছিলেন। প্রথমবার ৪১ খেলায় ২১টি এবং ২০১১-১২ মৌসুমে ৪৪ খেলায় ৩৫ গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।