আর্জেন্টিনায় সাবমেরিন নিখোঁজের একমাস পর শনিবার দেশটির নৌবাহিনী প্রধানকে বরখাস্ত করা হয়েছে। সাবমেরিনটি ৪৪ সদস্যসহ নিখোঁজ হয়। দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি একথা জানায়।
IMG0
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নৌবাহিনী প্রধান এডমিরাল মারসিলো সুরোকে বরখাস্তের সুপারিশ করে। সাবমেরিন ‘এআরএ সান জোয়ান’ নিখোঁজ হওয়া নিয়ে তদন্তের সময়েই তাকে বরখাস্তের এ সুপারিশ করা হয়। সেই সঙ্গে নৌবাহিনীর অপর দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একই কারণে বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম জানা যায় নি।
IMG1
এক মাস আগে নিখোঁজ হওয়া সাব মেরিন এআরএ সান জোয়ানের সন্ধান করতে আন্তর্জাতিক উদ্ধারকারী দলও ব্যর্থ হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সাবমেরিনের ৪৩ জন পুরুষ ও একজন নারীর সকলেই মারা গেছে। তবে নিখোঁজ হওয়া সদস্যদের স্বজনরা সরকারের কাছে আরো অনুসন্ধানের দাবি জানিয়ে আসছে। উদ্ধারকাজের আনুষ্ঠানিক সমাপ্তি এখনও ঘোষণা করা হয়নি। এএফপি।
ইত্তেফাক/সেতু