জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। দিবসটি উদযাপনে দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
সভায় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবব ফাতিমা বলেন,বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে অভিবাসী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেঁকসই উন্নয়ন সেখানে’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে। মায়ানমারের বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া তিনি, অভিবাসীদের উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং অভিবাসীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। 
 
পরে জাপানে বাংলাদেশের অভিবাসীদের অবস্থান ও ক্রমধারা নিয়ে একটি উপস্থাপনা করেন দূতাবাসের শ্রম-কাউন্সিলর জাকির হোসেন। এছাড়া বাংলাদেশি অভিবাসীদের সম্ভাবনা ও সার্থকতা নিয়ে একটি ভিডিও ডকুমেন্টরি দেখানো হয়। 
 
পরে অভিবাসীদের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জাপানে কীভাবে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বৃদ্ধি করা যায়, অভিবাসীদের সমস্যা দূর করার উপায় এবং কীভাবে দেশে বৈধ পথে এবং সহজে আরো বেশি রেমিটেন্স পাঠানো যায় ইত্যাদি বিষয় উঠে আসে। অভিবাসীগণ জাপানে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের আসার পথ সুগম করা এবং পড়া শেষে কাজ করার বিষয়ে দূতাবাসের সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রদূত সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং অনেক বছর ধরে অবস্থান করা অভিবাসীদেরও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান। 
 
আলোচনা সভায় দিবসটি উদ্দেশ্য করে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী প্রদত্ত বানী পাঠ করে শুনানো হয়। এছাড়া সম্প্রতি প্রয়াত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, চট্রগ্রামের সাবেক মেয়র এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরী এবং প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
 
এ সময় দূতাবাসের সকল কর্মকর্তাগণ ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/রেজা