বিলাসবহুল অদি ফেলে অ্যাম্বুল্যান্সে চেপে বাড়ি!

মদ খেয়ে মাতাল হয়ে এক উদ্ভট কাণ্ড করেছেন ভারতের চেন্নাইয়ের পলাভক্কমের এক ব্যবসায়ী। নিজের বিলাসবহুল অদি গাড়িতে আহত বন্ধুকে হাসপাতালে পৌছে দিয়ে ফিরেছেন অ্যাম্বুল্যান্সে!
 
নিজের অদির কথা ভুলে গিয়ে, হাসপাতালের বাইরে দাঁড় করানো অ্যাম্বুল্যান্স চালিয়ে, সোজা রওনা দিয়েছেন বাড়িতে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন।
 
ঘটনাটি ঘটে রবিবার। তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম জানায়নি পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, রাত তিনটা নাগাদ হাসপাতালের এক কর্মীর নজরে আসে বিষয়টি। স্বাভাবিক ভাবেই তিনি মনে করেছিলেন, অ্যাম্বুল্যান্স চুরি হয়ে হয়েছে। এর পরই পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
 
হাসপাতালে তখন সদ্য পুলিশ তদন্ত শুরু হয়েছে। সেই সময়ই হঠাৎ] ওই অ্যাম্বুল্যান্সটি ঢুকতে দেখে পুলিশ। এক ব্যক্তি পুলিশের কাছে এসে হঠাৎ ক্ষমা চাইতে শুরু করেন। লোকটির কথা শুনে পুলিশের চক্ষু চড়কগাছ। ওই ব্যক্তি বলেন, ‘আমি ভুল করে আমার অদি গাড়িটা ফেলে অ্যাম্বুল্যান্স নিয়ে চলে গিয়েছিলাম। বাড়িতে পৌঁছে পরিবারের লোকেরা যখন গাড়ির কথা জানতে চায়, তখন আমার মনে পড়ে আসল ঘটনা।’ ফেরত আসার পর দেখা যায়, অ্যাম্বুল্যান্সটির একটি আয়না ভেঙে গিয়েছে। তবে ওই ব্যক্তি ক্ষতিপূরণ দিতে রাজি থাকায় হাসপাতাল এই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির