স্বাধীন ও মুক্ত সমাজের ক্ষতিসাধন করতে রাশিয়া ‘নাশকতামূলক তৎপরতার একটি সূক্ষ্ম প্রচারণা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টার। তিনি বলেন, মস্কো গণতন্ত্রের বিরুদ্ধে প্রপাগন্ডা এবং মিথ্যা তথ্য ব্যবহার করছে।
চীন ও রাশিয়াকে ‘প্রতিদ্বন্দ্বী শক্তি’ বলে চিহ্নিত করে ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণার পর ম্যাক মাস্টার এসব কথা বললেন। বিবিসিকে তিনি বলেন, ‘রাশিয়া ঠিক কী করছে সেটা আমরা লক্ষ্য করেছি। অবশ্যই আমদেরকে রাশিয়ার অস্থিতিশীল আচরণ, প্রপাগন্ডার সূক্ষ্ম প্রচারণা এবং মিথ্যা তথ্যকে মোকাবেলা করতে হবে।’ মার্কিন নির্বাচনে রাশিয়ার কথিত সংশ্লিষ্টতা ‘নিশ্চিতভাবে’ জাতীয় নিরাপত্তার একটি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি নির্বাচনসহ আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে নাশকতামূলক একটি খুবই জটিল প্রচারণায় রাশিয়া জড়িত।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা নীতিকে হুমকিসুলভ উল্লেখ করে তা ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে রাশিয়া। ওই নীতির সমালোচনা করেছে রাশিয়া, যেখানে এটিকে ‘সাম্রাজ্যবাদী চরিত্রের’ বলা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির