বিক্ষোভকারীদের ওপর হামলার দোষ স্বীকার এরদোগান সমর্থকদের

 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের দুই সমর্থক ওয়াশিংটনে বিক্ষোভকারীদের ওপর হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার প্রকাশিত আদালতের নথি থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।
 
গত মে মাসে এরদোগানের ওয়াশিংটন সফরকালে তুরস্কের নিরাপত্তা কর্মকর্তা ও প্রেসিডেন্টের সমর্থকদের একটি গ্রুপ কুর্দি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। আর এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও আঙ্কারার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
IMG0
আদালতের নথি থেকে জানা যায়, এ হামলার ঘটনায় সিনান ও ইয়ুপ ইলদিরিম দোষ স্বীকার করায় তাদেরকে এক বছর একদিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
 
ওয়াশিংটন পুলিশ মুখপাত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এ হামলার ঘটনাকে নিষ্ঠুর হিসেবে বর্ণনা করেছে এবং মার্কিন সরকার পরবর্তীকালে এরদোগানের দেহরক্ষীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে।
 
তুরস্ক রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে গত ১৬ মে’র এ সংঘর্ষের এক ভিডিও ফুটেজ দেখে মোট ১৯ জনকে চিহ্নিত করা হয়। এদের মধ্যে তুরস্কের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও রয়েছে।
IMG1
এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের জনগণের নামে এমন অভিযোগের কঠোর প্রতিবাদ জানিয়েছে। বাসস
 
ইত্তেফাক/এমআর