এবার জেরুজালেমে ইসরাইল দূতাবাস সরিয়ে নিচ্ছে গুয়েতেমালা

মার্কিন যুক্তরাষ্ট্রের পরে এবার গুয়েতেমালাও তাদের ইসরাইলি দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণা দিয়েছে। ফেসবুকে দেয়া পোস্টে গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
 
গত সপ্তাহে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করার আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস হয়। সেই প্রস্তাবের মাত্র ৯টি দেশ বিরোধিতা করে যার একটি গুয়েতেমালা। যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের অর্থ সহায়তা বন্ধের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। গুয়েতেমালা অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ যেটি অনেকাংশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভর করে। মোরালেস রবিবার ফেসবুকে দেয়া পোস্টে বলেন, তেল আভিভ থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিতে প্রয়োজনীয় সমন্বয় করতে আমি নির্দেশ দিয়েছি। তিনি আরো বলেন, গুয়েতেমালা ইসরাইলের দীর্ঘদিনের মিত্র। 
 
ইসরাইল-ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে জেরুজালেম। ১৯৬৭ সালের যুদ্ধ পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। ফিলিস্তিন পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে গণ্য করে এবং শান্তি আলোচনায় শেষের দিকে জেরুজালেম নিয়ে আলোচনা হওয়ার কথা। জেরুজালেমের উপর ইসরাইলের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং সব দেশ তাদের দূতাবাস তেল আভিভে রেখেছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির