স্পোর্টস ডেস্ক
ফিফার কাছে প্রতি দুই বছরে বিশ্বকাপ আয়োজনের একটি প্রস্তাব দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নীতিনির্ধারক সংস্থা কনমেবল। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ব্যাপারটি বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রস্তাবটির উত্থাপক কনমেবলের প্রধান আলেহান্দ্রো ডমিঙ্গেজ।
সাবেক ফিফা প্রধান সেপ ব্ল্যাটার ১৯৯৯ সালে সর্বপ্রথম এমন একটি প্রস্তাব দিয়েছিলেন। তবে পর্যাপ্ত সমর্থনের অভাবে সে প্রস্তাবটি তখন হালে পানি পায়নি। তবে সমপ্রতি দক্ষিণ আমেরিকান সংস্থাটির হাত ধরে পুনর্জন্ম লাভ করেছে দ্বিবার্ষিক ভিত্তিতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি।
বর্তমানে ৩২ দল নিয়ে আয়োজন করা হয় ফুটবলের বিশ্ব আসর। তবে এই প্রতিযোগিতায় ২০২৬ সাল থেকে ৪৮ টি দলের অংশগ্রহণ করার কথা। কিন্তু ডমিঙ্গেজ মনে করেন প্রতিযোগী দল এবং খেলোয়াড়দের স্বার্থেই আরও বড় পরিবর্তন আনা প্রয়োজন বিশ্বকাপের ছকে। কনমেবল প্রধানের মতে প্রতি দুই বছরে বিশ্বকাপ আয়োজন করা হলে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতায় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। ডমিঙ্গেজ বলেন,‘আমি কখনোই না বলবো না। আমি সবসময়ই বলবো,‘কেন নয়?’
তবে দুই বছরে বিশ্বকাপ আয়োজনের বিকল্প হিসেবে দেশগুলোর অংশগ্রহণে একটি বৈশ্বিক জাতীয় লিগেরও ধারণা দিয়েছেন দক্ষিণ আমেরিকান সংস্থাটির প্রধান। তিনি বলেন,‘আমরা সবসময়ই একটি বৈশ্বিক জাতীয় লিগ আয়োজনের পক্ষপাতি ছিলাম এবং এমন একটি ধারণাকে আমরা সবসময়ই সমর্থন দিয়ে যাবো। চার বছরের বদলে দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজন করার একটি প্রস্তাবও আমরা ফিফার কাছে দিয়েছিলাম। এটিতেও আমরা সমর্থন দেবো।’
কনমেবল প্রধান আরও বলেন,‘দুটি বিশ্বকাপের মাঝে দেশগুলোর অংশগ্রহণে একটি জাতীয় লিগের বদলে আমরা প্রতি দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজনের পথেও হাঁটতে পারি।’
বিশ্বকাপের বর্তমান ছকে খেলোয়াড়রা পর্যাপ্ত অংশগ্রহণের পান না বলে অভিমত দেন ডমিঙ্গেজ। তিনি বলেন,‘যদি আমরা বর্তমান ছকেই প্রতিযোগিতাটি আয়োজন করি তবে অনেক খেলোয়াড় দুটির বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না। আর তাই আমরা সেখানে সুযোগ দেখছি।’
ডমিঙ্গেজ জানিয়েছেন ফিফার কাছে ইতোমধ্যে এমন একটি প্রস্তাব উত্থাপন করেছে কনমেবল। তিনি বলেন,‘একটি প্রস্তাব ফিফার কাছে উত্থাপন করা হয়েছে। সেটা বৈশ্বিক জাতীয় লিগই হোক কিংবা দুই বছরে একটি বিশ্বকাপ আয়োজনের।’