গুয়াতেমালার পক্ষ থেকে মঙ্গলবার বলা হয়, যুক্তরাষ্ট্রের পর ইসরাইলের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার সিদ্ধান্তটি গুয়াতেমালার ‘সার্বভৌম’ বিষয়। দেশটির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়া উচিত নয়।
পররাষ্ট্রমন্ত্রী সান্দ্রা জোভেল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটা গুয়াতেমালার পররাষ্ট্রনীতি ও সার্বভৌম সিদ্ধান্ত।’ তিনি আরো বলেন, ‘আমাদের এই সিদ্ধান্ত অন্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের সমস্যার সৃষ্টি করবে না বলেই আমার বিশ্বাস।’ গত সপ্তাহে পবিত্র নগরীটিকে ইসরাইলি রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতিকে নিন্দা জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।
তা সত্ত্বেও গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস ইসরাইলে তার দেশের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। ইসরাইলের দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে গুয়াতেলামা যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণকারী প্রথম দেশ। এএফপি।
ইত্তেফাক/সেতু