ভারতে নৌকাডুবিতে ৬ শিশু নিহত

ভারতের দক্ষিণাঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ছয় শিশু মারা গেছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। মঙ্গলবার রাতে কেরালা রাজ্যের রাজধানী থিরুভানানথাপুরাম থেকে প্রায় ৩৫৯ কিলোমিটার উত্তরে অবস্থিত মালাপ্পুরাম জেলার পোন্নানি কোলেতে এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
 
মালাপ্পুরামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যায় নয় আরোহীসহ একটি নৌকা ডুবে যায়। এতে ছয় শিশু পানিতে ডুবে মারা গেছে। নৌকার মালিকসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।’ তিনি আরো বলেন, ‘শিশুরা ছুটিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।’ 
 
কর্মকর্তারা বলেন, নৌকার মালিকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, নিহত শিশুদের চারজন মেয়ে ও দুইজন ছেলে। তাদের বয়স চার বছর থেকে ১৮ বছরের মধ্যে। স্থানীয় সরকারের কর্মকর্তারা এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু