জাতিসংঘের অবরোধেও তেল যাচ্ছে উ. কোরিয়ায়, ট্রাম্পের নিশানা চীন

উত্তর কোরিয়ায় তেল রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে জাতিসংঘের। কিন্তু তারপরও সমুদ্র পথে তেল যাচ্ছে দেশটিতে। দক্ষিণ কোরিয়ার পর কাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের দিকে আঙুল তুলেছেন এই ব্যাপারে। আজ শনিবার সিউল জানিয়েছে, গত মাসে তেল-পাচারের সময়ে হংকংয়ের একটি জাহাজ আটকেছে তারা। লাইটহাউস উইনমোর নামের ওই জাহাজ থেকে প্রায় ৬শ’ টন পরিশোধিত তেল তুলে দেয়া হচ্ছিল পিয়ংইয়ংয়ের একটি জাহাজে।
IMG0
আর এ ঘটনাকেই ব্যঙ্গ করে ‘হাতেনাতে পাকড়াও’ বলে এক টুইটবার্তায় বেইজিংকে বিদ্ধ করেন ট্রাম্প। তবে চীন অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, অবৈধ কারবারের সঙ্গে জড়িত এমন কোনো জাহাজ গত আগস্ট থেকে তাদের বন্দর থেকে পাড়ি দেয়নি। সঙ্গে এও বলা হয়েছে, যদি পরে প্রমাণিত হয় যে চীন কোনোভাবে জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন করেনি, তাহলে চীন আইনি পথেই এসব অভিযোগের উপযুক্ত জবাব দেবে।
IMG1
দক্ষিণ কোরিয়া আজ এক বার্তায়  জানায়, গত ১১ অক্টোবর লাইটহাউস উইনমোর নামের ওই তেলবাহী জাহাজটি তাদের বন্দরে ভেড়ে। সেখান থেকে জাহাজটি তাইওয়ানের উদ্দেশে রওনা দেয়। কিন্তু আন্তর্জাতিক জলপথে হঠাৎই গতিপথ বদলে সেটি বিপুল পরিমাণে তেল পাচার করে উত্তর কোরিয়ার জাহাজে। আটক জাহাজটি এখনো দক্ষিণ কোরিয়ার হেফাজতে। চীনের দাবি, এই অভিযোগের ভিত্তিতে তারাও তদন্ত শুরু করেছে। সিএনএন।
 
ইত্তেফাক/সেতু