যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের ডাল্টনে ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে গুলি করে হত্যা করেছে ডাকাতেরা। নিহতের নাম আরশাদ ভোরা। ডাকাতের গুলিতে গুরুতর জখম হয়েছেন আরশাদের এক আত্মীয়ও।
জানা গেছে, এবছর সন্ত্রাসীদের হামলায় কানসাস, মিসিসিপি ও লাস ভেগাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অন্তত ৮ ভারতীয়/ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে। পুলিশ জানাচ্ছে, আরশাদের পৈত্রিক বাড়ি গুজরাটে। তবে তার জন্ম মার্কিন মুলুকে। শিকাগোর ডাল্টনে একটি বড় পেট্রোল পাম্প আর তার লাগোয়া একটি ‘কনভিনিয়েন্স স্টোর’ রয়েছে আরশাদের পরিবারের।
বৃহস্পতিবার গভীর রাতে সেই পেট্রোল স্টেশনে হামলা চালায় সশস্ত্র ডাকাতেরা। তারা স্টেশনের অফিস ভাঙচুর করে বন্দুক উঁচিয়ে ক্যাশবাক্স লুঠপাটের চেষ্টা করে। আরশাদ তাদের থামানোর চেষ্টা করলে খুব কাছ থেকে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরশাদের। গুরুতর জখম হন আরশাদের ৫৫ বছর বয়সী এক আত্মীয়। তার অবস্থা সঙ্কটজনক। তদন্তের স্বার্থে তার নাম গোপন রাখা হয়েছে। ওই ঘটনায় জড়িতদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। পেট্রোল স্টেশনের সিসিটিভি’র ফুটেজ দেখে অপরাধীদের চেনার চেষ্টা চালানো হচ্ছে। অপরাধীদের সন্ধান দেয়ার জন্য ১২ হাজার ডলার আর্থিক পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু