ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জনগণের বিক্ষোভের অধিকার আছে। তবে কোনো প্রকার সহিংসতা গ্রহণযোগ্য নয়। ২০০৯ সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ শুরুর পর রবিবার প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট।
রাজধানী তেহরানে রুহানি বলেছেন, এটা পরিষ্কার প্রত্যেক মানুষেরই স্বাধীনতা আছে। সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিক ও জনগণ স্বাধীনভাবে সমালোচনা ও প্রতিবাদ করতে পারে। তবে সেই তাতে যেন জনজীবন ক্ষতিগ্রস্ত ও নিরাপত্তা বিঘ্নিত না হয়।
গত বৃহস্পতিবার থেকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা বলে সূচনা হলেও এখন তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। এমনকি সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও পুড়িয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ ক্রমেই দেশটির অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে। তেহরানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও বিক্ষোভ করেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বিক্ষোভে এর মধ্যেই দুজন নিহত হয়েছে।-আল জাজিরা।
ইত্তেফাক/কেআই