আইনি ঝামেলা এড়াতে...

 
নিউ ইয়ারকে ঘিরে পৃথিবীর সব প্রান্তের মানুষ নানা পরিকল্পনা করে। নতুন বছর উদযাপন করতে আতশবাজি ফোটানো, ফানুস ওড়ানো থেকে শুরু করে খানা-পিনার মতো আয়োজনও করে থাকে।
 
তবে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের শহর তাইরুয়ার প্রশাসন এসব ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি আরোপ করে। কেউ যাতে তাইরুয়া দ্বীপে কোনো ধরনের অ্যালকোহল গ্রহণ না করতে পারে সেজন্য কড়া আইন জারি করে। ডিসেম্বরের ২৩ তারিখ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সব ধরনের অ্যালকোহল নিষিদ্ধ করে প্রশাসন।
 
তবে শহরের এই আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে সাত জনের একটি দল অভিনব এক বুদ্ধি বের করে। শহরের ভেতরে একটি জলাভূমির মধ্যে মাটি দিয়ে তৈরি করে ছোট্ট এক কৃত্রিম দ্বীপ। আর সেই দ্বীপে বসে তারা বেশ আয়েশ করে পার্টিও করে। বিষয়টি পুলিশের কানে যেতেই ঘটনাস্থলে হাজির হয়। তবে তারা যুক্তি দেখায় তারা সম্পূর্ণ নতুন একটি দ্বীপে পার্টি করছে, এটি আইনের আওতাধীন নয়।
 
তাদের অভিনব বুদ্ধির কাছে হার মেনে যায় পুলিশ। চোখের সামনে মদ্যপান করতে দেখেও কাউকে গ্রেফতার না করেই ফিরে আসতে হয় পুলিশকে। পুলিশ ইন্সপেক্টর জন কেলি বলেন, এটা সত্যিই সৃষ্টিশীল চিন্তা। আগে থেকে জানলে আমিও তাদের সঙ্গে যোগ দিতে পারতাম। ইউপিআই
 
ইত্তেফাক/আনিসুর