চীন সাগরে ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

পূর্ব চীন সাগরে শনিবার একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মালবাহী এক জাহাজের সংঘর্ষ হয়। এতে ট্যাংকারটিতে যে অগ্নিকাণ্ড হয়েছে, তা একটা পরিবেশগত বিপর্যয়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনা কর্মকর্তারা বলছেন, পুরো ট্যাংকারটিই বিস্ফোরণ ঘটে ডুবে যেতে পারে।
IMG0
শনিবার সাংহাইয়ের ১৬০ নটিক্যাল মাইল পূর্বে এই দুর্ঘটনার পর থেকে ৩২ জন ক্রু নিখোঁজ রয়েছে, যার মধ্যে ৩০ জন ইরানি এবং ২ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। সাগরের মাঝখানে জ্বলন্ত ট্যাংকারটিতে বিস্ফোরণ হচ্ছে এবং ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে- যা বহুদূর থেকে দেখা যাচ্ছে। একজন পরিবেশন বিশেষজ্ঞ ওয়েই শিয়াংহুয়া বার্তা সংস্থা- এএফপিকে বলেছেন, এর ফলে এক বিরাট এলাকা জুড়ে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।
IMG1
ইরানি তেলের ট্যাংকারটি ১০ লাখ ব্যারেল কনডেনসেট নিয়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল এবং জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাতে আগুন ধরে যায়। কনডেনসেট হচ্ছে এক বিশেষ ধরণের অপরিশোধিত তেল- যা একটি অত্যন্ত বিষাক্ত এবং সাধারণ অপরিশোধিত তেলের চাইতেও বিস্ফোরণপ্রবণ বস্তু। জেট বিমানের জ্বালানি, পেট্রোল, ডিজেল এবং হিটারের জ্বালানি উৎপাদনের কাজে এটা ব্যবহার করা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু