নতুন বছরকে স্বাগত জানাতে অনেকেই নানা রকম উৎসবে মেতে ওঠেন। আর কেউ যাতে মদ্যপ অবস্থায় কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে সেজন্য কড়াকড়ি আরোপ করে পুলিশ। কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে পড়লেই যেতে হয় শ্রীঘরে। নিউ ইয়ারের আগের রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা জানাতে পুলিশের জরুরি নম্বরে ফোন করেন এক ব্যক্তি। ফোন তুলেই পুলিশ প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। কারণ যে ব্যক্তি ফোন করেছেন তিনি পুলিশকে ফোন করেছিলেন নিজের বিরুদ্ধেই অভিযোগ করতে!
মিচেল লেসটার নামের ঐ ব্যক্তি ফোনে পুলিশকে জানান, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আইন অমান্য করেছেন। পুলিশ তার অবস্থান জানতে চাইলে জবাবে তিনি বলেন, আমি যে এখন কোথায় তা নিজেই জানি না। পুলিশের পক্ষ থেকে জানানো হয় আপনি যেখানে আছেন গাড়ি নিয়ে সেখানেই অবস্থান করেন।
IMG0
দুর্ভাগ্যবশত তিনি তখন ব্যস্ত রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে বিয়ার পান করছিলেন। পুলিশ এসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলার পাশাপাশি ভুল জায়গায় গাড়ি পার্ক করে রাখার জন্যও তার বিরুদ্ধে মামলা ঠুকেছে।-এপি
ইত্তেফাক/মোস্তাফিজ