সামরিক আলোচনায় রাজি দুই কোরিয়া

 
সীমান্ত উত্তেজনা নিরসনে সামরিক আলোচনার বিষয়ে রাজি হয়েছে উত্তর এবং দক্ষিণ কোরিয়া। দুই বছরের মধ্যে প্রথমবার দুদেশের উচ্চ-পর্যায়ের এক বৈঠকে এ মতৈক্য হয়। দু'বছর আগে বন্ধ হয়ে যাওয়া সামরিক হটলাইন আবার পুনর্বহাল করার বিষয়েও মতৈক্য হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার।
 
মঙ্গলবার প্রতিবেশী দেশ-দুটির উচ্চ পর্যায়ের নেতারা সীমান্তবর্তী গ্রাম 'পানমুনজামে' বৈঠকে বসেন। একদিন ধরে দর-কষাকষির পরে উভয় দেশের নেতাদের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয় এবং সামরিক আলোচনায় সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। যদিও আলোচনায় উত্তর কোরিয়ার প্রতিনিধি দল পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনায় নেতিবাচক ছিল।
 
মাসের পর মাস ধরে চলা উত্তেজনার মাঝেই এবার দুই কোরিয়ার শুধু সামরিক আলোচনার জন্যই মতৈক্য হয়নি, সেইসাথে দক্ষিণ কোরিয়াতে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে একটি প্রতিনিধি দল পাঠাবে উত্তর কোরিয়া। এছাড়া দুইবছর আগে বন্ধ করা একটি সামরিক হটলাইন পুনরায় চালুর বিষয়েও একমত হয়েছে দুদেশ।
IMG0
 
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। একটা সময় দক্ষিণ কোরিয়ার সঙ্গে টেলিফোনসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় পিয়ং ইয়ং। বিবিসি
 
ইত্তেফাক/মোস্তাফিজ