সিরিয়ার ইদলিব থেকে ডিসেম্বরেই পালিয়েছে লক্ষাধিক মানুষ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের বিভিন্ন এলাকা থেকে গত ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত অন্তত এক লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা। 
 
ডিসেম্বর মাসেই সিরিয়ার সরকারি বাহিনী ঐ অঞ্চলে বড় ধরনের একটি অভিযান শুরু করেছিল। ইদলিব হচ্ছে সিরিয়ার সর্বশেষ প্রদেশ যেটি এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়ে গিয়েছে। ইদলিব প্রদেশে প্রায় তিরিশ লাখ মানুষ আছে বলে ধারণা করা হয়।
IMG0
সিরিয়ার অন্যান্য প্রদেশে লড়াই থেকে বাঁচতে বহু মানুষ পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিল। যার ফলে ইদলিবের জনসংখ্যা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন এই ইদলিবের দখল নিয়েই শুরু হয়েছে চরম লড়াই।
IMG1
গত সপ্তাহে সিরিয়ান বাহিনী ইদলিব প্রদেশের দিকে অগ্রসর হতে শুরু করে। এই লড়াই থেকে বাঁচতে সেখান থেকে পালাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গত ডিসেম্বরে সেখানে তীব্র লড়াই শুরু হওয়ার পর অন্তত এক লাখ মানুষ পালিয়ে গেছেন। এদিকে ইদলিব প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান বন্ধের জন্য তুরস্ক, রাশিয়া এবং ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু