বিদেশি জাহাজে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ছে

 
আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী বাংলাদেশি নাবিকদের বিদেশি জাহাজে চাকরির সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশি সনদের গ্রহণযোগ্যতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পদক্ষেপ নেয়া হয়েছে। আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ কথা জানানো হয়। এটি ছিলো দশম জাতীয় সংসদের এই কমিটির ৫০তম বৈঠক।
 
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ এবং নৌ-পরিবহন অধিদফতরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
 
বৈঠকে উল্লেখ করা হয় যে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সনদের স্বীকৃতি দিয়েছে এবং ইটালি, জার্মানি ও যুক্তরাজ্যসহ ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সনদের পারস্পরিক সমঝোতা স্বাক্ষর হয়েছে।
 
এছাড়াও বৈঠকে জানানো হয়, দেশীয় পদ্ধতিতে তৈরি এবং ট্রলার ধরনের নৌযানের দুর্ঘটনা হ্রাসের জন্য রিভার্সিবল গিয়ার সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে। 
 
নৌযানের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে নৌযান মালিকদের উদ্বুদ্ধ করে রিভার্সিবল গিয়ার সংযোজনের কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৭ হাজার ২৫৫টি নৌযানে রিভাসিবল গিয়ার সংযোজন করা হয়েছে। এ ছাড়াও কমিটি বাংলাদেশে একটি নেভাল মিউজিয়াম স্থাপনের জন্য সুপারিশ করেছে।
 
ইত্তেফাক/কেকে