গ্রিসের রাজধানী এথেন্সে বাংলা নতুন বছর উদযাপনের হাওয়া লেগেছে। বলতে গেলে বাংলা নতুন বছর ১৪২৬ শুরুর একটু আগেই বাংলাদেশের বৈশাখী উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশিরাও।
গত ৩ এপ্রিল ২০১৯ তারিখে এথেন্সের প্রসিদ্ধ উইম্যান ইন্টান্যাশনাল ক্লাবের অনারারী প্রেসিডেন্ট মিসেস শায়লা পারভীনের উদ্যোগে এই প্রাক বৈশাখী উৎসবে বিপুল সংখ্যক গ্রিকসহ অন্যান্য দেশের নাগরিকরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মিসেস শায়লা পারভীন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনের সহধর্মিনী।
রাষ্ট্রদূতের সরকারি বাসভবন বাংলাদেশ হাউজে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য এবং সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। দিনটির প্রধান আকর্ষণ ছিলো বাংলাদেশের ঐহিত্যবাহী শাড়ী সম্পর্কে বিদেশি অতিথিদের সামনে একটি উপস্থাপনা। মিসেস শায়লা পারভীন এই উপস্থাপনায় শাড়ী সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরার পাশাপাশি এর ইতিহাস সম্পর্কেও আমন্ত্রিত দর্শকদের অবহিত করেন। পরে বিদেশি অতিথিরা এক শাড়ী ফ্যাশন শো-তে অংশগ্রহণ করেন। স্থানীয় দোয়েল একাডেমির শিক্ষিকাবৃন্দের তত্বাবধানে একাডেমির শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
ক্লাবের সভাপতি মিসেস রেনা পাপাদোপুলু, সহ-সভাপতি ব্রিজেট কসকোরোস এবং লিভিং ইন এথেন্স এ্যাম্বাসেডরস স্পাউস এসোসিয়েশননের সভাপতি রিতা লাকসোও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
পরে অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয়। অতিথিরা বাংলাদেশের সংস্কৃতির বর্ণিল এই উপস্থাপনায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ইত্তেফাক/আরকেজি