বাংলাদেশ-ভারতের সম্পর্ক সর্বোচ্চ অবস্থানে আছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্টমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ ও ভারত তাদের মধ্যকার ‘সবচেয়ে ভালো সম্পর্ক’ এখন উপভোগ করছে। গত চার যুগে বিশ্বস্ত এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ক আরো গভীরতর হয়ে বিভিন্ন দিকে বিকশিত হয়েছে।
 
দিল্লিতে তিনদিন ব্যাপী চলা তৃতীয় রাইসিনা সংলাপের সমাপনীতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মন্ত্রী এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন।
 
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘ভারতের সঙ্গে সম্পর্কন্নোয়নের জন্য ঐতিহাসিক কিছু পদক্ষেপ’ গ্রহণ করেছে।
 
২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনের পর গত ৯ বছরে প্রতিরক্ষা, নিরাপত্তা, যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, ব্যবসা বাণিজ্যের প্রসারে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে বলেও মত দেন এ এই মাহমুদ আলী।
 
বক্তব্যে মন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন। এবং রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতের সহযোগিতা কামনা করেন।
 
ইত্তেফাক/ রেজা