রাজধানীর কামরাঙ্গীরচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার একটি সেমিপাকা বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রিপা (২০), তার শিশু সন্তান রাফসান (২) ও রিপার বড় বোন শারমিন (২২)। বর্তমানে তারা তিনজনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বার্ন ইউনিট সূত্র জানিয়েছে, চিকিত্সাধীন এই তিনজনের মধ্যে রিপার শরীরের ১০ শতাংশ, রাফসানের ২৫ শতাংশ এবং শারমিনের ৮ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধ শারমিনের স্বামী বারেক মিয়া জানান, মুসলিমবাগ এলাকার সেমিপাকা বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে তিনি বসবাস করেন। ওই ঘরের পাশেই রান্নাঘর। সেখানে সিলিন্ডার রাখা ছিল। বেলা পৌনে ১২টার দিকে তার স্ত্রী শারমিন ও শালিকা রিপা এবং রিপার ছেলে ঘরের মধ্যেই ছিল। কিন্তু হঠাত্ করে পাশের ঘর থেকে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে তার স্ত্রী, শ্যালিকা এবং ভাগনে দগ্ধ হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় এসে তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। পরে সেখান থেকে এনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। বর্তমানে তিনজনই বার্ন ইউনিটে চিকিত্সাধীন রয়েছে।