গাড়ি চাপায় নারী নিহত

বাসস 

পুরনো ঢাকার বকশিবাজার এলাকায় গাড়ি চাপায় নূরজাহান পুষণ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং তার স্বামী আসিফ আহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে নগরীর বকশিবাজারস্থ ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান এ তথ্য জানান।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আসিফ শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে করে নগরীর বকশিবাজারস্থ ঢাকা মেডিকেলের নতুন ভবন সংলগ্ন সড়ক দিয়ে স্ত্রীসহ বংশাল মালিটোলা এলাকার বাসায় ফিরছিলেন। এসময় দ্রুতগতির একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে স্ত্রীসহ তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। গাড়ির চাকায় তার স্ত্রীর মাথা গুরুতর জখম হয়। পরে পথচারীরা আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক রাত পৌনে ১২টার দিকে নূরজাহানকে মৃত ঘোষণা করেন।