বার্সেলোনায় সাড়ে সাত বছরের দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার হ্যাভিয়ের মাসচেরানো। চুক্তিবদ্ধ হয়েছেন চাইনিজ ক্লাব হেভেই চায়না ফরচুনের সঙ্গে। প্রফেশনাল ক্যারিয়ারে সিংহভাগ সময় কাটানো ক্লাব থেকে গত রাতে বিদায় নিয়েছেন তিনি। বিদায় বেলায় বার্সার পক্ষ থেকেও তাকে দেয়া হয়েছে গার্ড অব অনার।
এস্পানিয়লের বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলার পূর্বে তাকে এই গার্ড অব অনার দেয়া হয়। ২০১০ সালে বার্সায় যোগ দেয়ার পর লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ দলের ১৭টি ট্রফির গর্বিত অংশীদার হয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল তারকা। এ সময় ৩৩ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে তার স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
IMG0
মাসচেরানো যেদিন বিদায় নিয়েছেন সেদিন আক্রমণভাগে অভিষেক হয়েছে ফিলিপ কুটিনহোর। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান লিভারপুল থেকে রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ড মূল্যে যোগ দিয়েছেন ন্যু ক্যাম্পে। তাই একইদিনে ন্যু ক্যাম্প মাসচেরানোকে যেভাবে বিদায়ী সম্মাননা দিল তেমনি কুটিনহোকে আগমনী অভিনন্দন জানাল।
ইত্তেফাক/কেআই