থারাঙ্গাকে ফেরত পাঠালেন মুস্তাফিজ

শ্রীলঙ্কার ইনিংসে চতুর্থ উইকেটের পতন ঘটালেন মুস্তাফিজুর রহমান। ৫৬ রান করা উপুল থারাঙ্গাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়েছেন তিনি। এই উইকেটের মাধ্যমে সবচেয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে অর্ধশত উইকেট নিলেন তিনি। 
 
এর আগে ২৪তম ওভারের পঞ্চম বলে নিরোসান দিকবেলার উইকেটটি তুলে নেন সাইফ উদ্দিন।  আউট হওয়ার আগে ৫৭ বলে চারটি চারের মারে ৪২ রান করেন তিনি। দলীয় ১১৩ রানে দিকবেলা আউট হওয়ার পর চতুর্থ উইকেটে থারাঙ্গা-চান্দিমাল জুটি বেঁধেছিলেন। ৪৫ রানেই থামল সেই জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৫৮ রান। 
 
শনিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় ওভারে দানুস্কা গুলনাতিলকার উইকেট তুলে ওপেনিং জুটি ভেঙেছিলেন মিরাজ। সেই মিরাজের পরবর্তী ওভারেই ২৪ রান করেছিলেন কুশল মেন্ডিস। ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ৪২ রানে অগ্নিশর্মা হয়ে ওঠা কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠিয়েছেন অধিনায়ক মাশরাফি। মাত্র ৯ বলে দুটি চার ও তিনটি ছক্কার মারে ২৮ রান করেন তিনি।  
 
তবে ৪২ রানের মধ্যে প্রথম দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল লঙ্কানরা। সেখান থেকে উপুল থারাঙ্গা ও নিরোসান দিকবেলার তৃতীয় উইকেট জুটি লঙ্কানদের পথ দেখায়। তৃতীয় উইকেটে এই দুজন ৭২ রানের দুর্দান্ত একটি জুটি গড়েন। তবে সাইফ দিকবেলাকে ফিরিয়ে দেয়ায় এখানেই থামতে হয়েছে তাদের। এবার থারাঙ্গাকে ফেরত পাঠালেন মুস্তাফিজ। 
 
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। যেখানে তিনটি দলের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আজকের এই ফাইনাল ম্যাচে জিততে পারলে এটিই হবে বাংলাদেশের কোনো বহুজাতিক টুর্নামেন্টে প্রথম শিরোপা।
 
ইত্তেফাক/কেআই