ব্রাজিল তারকা ফিলিপ কুটিনহোর লা লিগায় অভিষেকের দিনে জয় পেল বার্সেলোনা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে রবিবার রাতে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।
ম্যাচে অবশ্য আলাভেসই গোল করে এগিয়েছিল। ২৩ মিনিটে অতিথিদের এগিয়ে দেন ইয়োন গিদেত্তি। নিজেদের সীমানা থেকে স্প্যানিশ মিডফিল্ডার ইবাই গোমেসের লম্বা পাস থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সুইডিশ এই ফরোয়ার্ড। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়েছিল আলাভেস।
IMG0
পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। তবে ৭২ মিনিটে বার্সার হয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পান সুয়ারেজ। বাঁ-দিকের বাইলাইন থেকে আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে বল পেয়ে ডান দিক থেকে ভলির সাহায্যে গোল আদায় করে নেন সুয়ারেজ। এর মাধ্যমে চলতি মৌসুমে লিগে মোট ১৬ গোল করলেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। আর ৮৪ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিকে জয়সূচক গোলটি করেন মেসি। এবারের লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ২০তম গোল এটি।
এই জয়ে ২১ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারানো আটলেটিকো মাদ্রিদ ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৪০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া তৃতীয় এবং ৩৮ পয়েন্ট নিয়ে রিয়াল আছে তৃতীয় স্থানে।
ইত্তেফাক/কেআই