অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের এককে জিতে ক্যারোলিন ওজনিয়াকি কেঁদেছিলেন। এবার পুরুষ এককে ২০তম গ্র্যান্ডস্লাম জিতে কাঁদলেন ফেদেরারও। মেলবোর্ন পার্কে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে ৬-২, ৬-৭ (৫-৭), ৬-৩, ৩-৬, ৬-১ গেমে জিতেছেন এই সুইস তারকা।
রড লেভারে আনন্দের অতিশয্যে সেলফি তুললেন ৩৬ বছর বয়সী এই তারকা। ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আরও একটি রেকর্ড করলেন এ দিন। এই নিয়ে ৩০ বার গ্র্যান্ডস্লামের ফাইনাল খেললেন তিনি। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলেননি ফেদেরার।
আবেগে চোখের জল ধরে রাখতে পারেননি ফেদেরার। কাঁদতে কাঁদতেই বলেন, ‘এ জন্যই তো বাঁচা, এই মুহূর্তগুলো দেখার জন্য।’ পরে ফেদেরার কেন কোর্টে কেঁদে ফেলার কারণও বলেন। ‘এই জয়টা আমায় ২০০৬-এ চ্যাম্পিয়ন হওয়ার পুরনো স্মৃতিটা ফিরিয়ে এনেছিল। ফাইনালে যে বার আমি মার্কোস বাগদাতিসকে হারাই। ফাইনালে আমিই বিরাট ফেভারিট ছিলাম। শেষ পর্যন্ত সে বার আমি ট্রফিটা জিতে প্রচণ্ড স্বস্তি পাই। ঠিক সে রকমই আজ মনে হচ্ছিল। সে জন্যই কথা আটকে যাচ্ছিল তখন।’
তবে অস্ট্রেলিয়ান ওপেনে জেতার পরও ফেদেরার বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরেই থাকছেন। চিলিচ অবশ্য কেরিয়ারের সেরা র্যাঙ্কিং তিন নম্বরে উঠে আসছেন। যিনি রানার্স ট্রফি নিয়ে বলেন, ‘ফাইনালে আসার সফরটা দুরন্ত ছিল। আমার জীবনের অন্যতম সেরা সময় বলা যায়। একটা কথা বলতে চাই, রজার পাঁচ নম্বর সেটটা অসাধারণ খেলেছে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি আমার টিমকে ধন্যবাদ দেব। তোমরা প্রচণ্ড পরিশ্রম করেছ। আশা করি ভবিষ্যতে এই ট্রফিটা এক দিন ঠিক জিতব।’
ইত্তেফাক/কেআই