লাঞ্চের আগেই ইমরুলও সাজঘরে

চট্টগ্রাম টেস্টে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস দুর্দান্ত সূচনা করেছিলেন। এই শ্রীলঙ্কার জন্য বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারতেন এই দুজন। কিন্তু হাফসেঞ্চুরি করে তামিম বিদায় নিয়েছিলেন আগেই। এবার মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে ইমরুলকেও সাজঘরে ফেরাল লঙ্কানরা। তাই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে খানিকটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় হাথুরুসিংহের শিষ্যরা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ দুই উইকেটে ১২০ রান। 
 
চট্টগ্রাম টেস্টে টস জিতে মাঠে নামার পর দুর্দান্ত ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। করেন হাফসেঞ্চুরিও। তবে ইনিংসটাকে আর সামনে নিয়ে যেতে পারেননি। দলীয় ৭২ রানে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৫৩ বলে ছয়টি চার ও একটি ছক্কার মারে ৫২ রান করেন তিনি। তামিম সাজঘরে ফেরার পর ওয়ানডাউনে ইমরুল কায়েসের সঙ্গে যুক্ত হন মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে ইমরুলের যাত্রাটাও খারাপ হয়নি। 
 
তবে বিপজ্জনক হয়ে ওঠার আগেই ভেঙে গেল এই জুটিও। দলীয় ১২০ রানে লাকসান সান্দাকানের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল। তাই ৭৫ বল থেকে চারটি চারের মারে ৪০ রান করা ইমরুলকে বিদায় নিতে হয়েছে।  
 
ইত্তেফাক/কেআই