দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ষষ্ঠ বাংলাদেশ

স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ষষ্ঠ হয়েছে বাংলাদেশ দল। কুইন্সটাউনে এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। 
 
আজ বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত ১৭৮ রান করে। আফিফ হোসেন ৭টি চার ও ২টি ছক্কায় ৬৩ ও শাকিল হোসেন ৮৯ বলে ৬টি চারের মারে করেন ৬১ রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে পেসার ফ্রেসার জোনস ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন। আরেক পেসার অ্যাখোনা এমনিয়াকা ৩ উইকেট নিয়েছেন ২৭ রানে। 
 
১৭৯ রানের সহজ লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ১১.৩ ওভার বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া যুবারা। অধিনায়ক রায়নার্ড ফন টনডার ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া হারমান রফেলস ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও টিপু সুলতান।
 
ইত্তেফাক/কেআই