দু’শো পেরিয়ে এগুচ্ছে বাংলাদেশ

মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দু’শো রান পেরিয়ে সামনে এগুচ্ছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বিদায়ের পর দলের হাল ধরেন এ দুজন। এর মধ্যে ওয়ানডাউনে নামা মুমিনুল করেছেন ৭৮ রান। ৩৮ রান করে তার সঙ্গে আছেন মুশফিক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৪৮ ওভারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২১২ রান। 
 
আজ বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে মাঠে নামার পর দুর্দান্ত ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। করেন হাফসেঞ্চুরিও। তবে ইনিংসটাকে আর সামনে নিয়ে যেতে পারেননি। দলীয় ৭২ রানে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৫৩ বলে ছয়টি চার ও একটি ছক্কার মারে ৫২ রান করেন তিনি। তামিম সাজঘরে ফেরার পর ওয়ানডাউনে ইমরুল কায়েসের সঙ্গে যুক্ত হন মুমিনুল। 
 
দ্বিতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে ইমরুলের অবদানও খারাপ ছিল না। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে ইমরুলকেও সাজঘরে ফেরান লঙ্কানরা। দলীয় ১২০ রানে লাকসান সান্দাকানের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল। তাই ৭৫ বল থেকে চারটি চারের মারে ৪০ রান করা ইমরুলকে বিদায় নিতে হয়েছে। তাই দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে খানিকটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় হাথুরুসিংহের শিষ্যরা।   
 
ইত্তেফাক/কেআই