মুমিনুলের সেঞ্চুরি, চট্টগ্রাম টেস্টে উড়ন্ত বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। এটি টেস্টে তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। মুমিনুলের সঙ্গী মুশফিকও আছেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে। দ্বিতীয় সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৫০ রান। 
 
ইমরুলের উইকেট হারিয়ে দুই উইকেটে ১২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বিদায়ের পর দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন মুমিনুল ও মুশিফক। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে এ দুজন যোগ করেছেন ১৩০ রান। এর মধ্যে ওয়ানডাউনে নামা মুমিনুল করেছেন ১০৭ রান। ৩৮ রান করে ৪৭ রান করে তার সঙ্গে আছেন মুশফিক। 
 
আজ বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে মাঠে নামার পর দুর্দান্ত ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। করেন হাফসেঞ্চুরিও। তবে ইনিংসটাকে আর সামনে নিয়ে যেতে পারেননি। দলীয় ৭২ রানে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৫৩ বলে ছয়টি চার ও একটি ছক্কার মারে ৫২ রান করেন তিনি। তামিম সাজঘরে ফেরার পর ওয়ানডাউনে ইমরুল কায়েসের সঙ্গে যুক্ত হন মুমিনুল। 
 
দ্বিতীয় উইকেটে মুমিনুলকে নিয়ে ইমরুলের অবদানও খারাপ ছিল না। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে ইমরুলকেও সাজঘরে ফেরান লঙ্কানরা। দলীয় ১২০ রানে লাকসান সান্দাকানের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল। তাই ৭৫ বল থেকে চারটি চারের মারে ৪০ রান করা ইমরুলকে বিদায় নিতে হয়েছে।
 
ইত্তেফাক/কেআই