ঢাবি উপাচার্যের সঙ্গে এডিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

 
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল পাবলিক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সিউক ইয়ং উন-এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
 
সাক্ষাৎকালে তারা কোইকার কারিগরি সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এডিবি প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়ায় উপাচার্য প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান।
 
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এডিবি’র সোস্যাল সেক্টর স্পেশালিস্ট রিওতারু হায়াশি এবং দক্ষিণ কোরিয়ার সাংমিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক ড. কিয়ং ওয়াই বেই।
 
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. কাজী মুহাইমিন-আস-সাকিবসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে