মুমিনুলের ১৫০, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দেড়শো রান করেছেন মুমিনুল হক। দেড়শো রান করতে মুমিনুল খরচ করেন ১৭০ বল। এর আগে তিনি ওয়ানডে স্টাইলে খেলে মাত্র ৯৬ বলে সেঞ্চুরি করেন। মুমিনুলের সঙ্গী মুশফিকও আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল ১৫২ এবং মুশফিক ৮২ রানে ব্যাট করছেন।
 
ইমরুলের উইকেট হারিয়ে দুই উইকেটে ১২০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বিদায়ের পর দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন মুমিনুল ও মুশিফক। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে এ দুজন যোগ করেন ১৩০ রান।
 
বুধবার সকালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে মাঠে নামার পর দুর্দান্ত ব্যাটিং করছিলেন তামিম ইকবাল। করেন হাফসেঞ্চুরিও। তবে ইনিংসটাকে আর সামনে নিয়ে যেতে পারেননি। দলীয় ৭২ রানে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে যান তিনি। আউট হওয়ার আগে ৫৩ বলে ছয়টি চার ও একটি ছক্কার মারে ৫২ রান করেন তিনি।  মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে ইমরুলকেও সাজঘরে ফেরান লঙ্কানরা। দলীয় ১২০ রানে লাকসান সান্দাকানের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইমরুল। ৭৫ বল থেকে চারটি চারের সাহায্যে ৪০ রান করেন ইমরুল।
 
ইত্তেফাক/ইউবি