মুমিনুলের ইনিংসটি মুগ্ধকর : তামিম

 
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার প্রথম টেস্টের প্রথম দিন শেষে ১৭৫ রানে অপরাজিত আছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হক। পুরো দিন মুমিনুলের এমন ব্যাটিং-এ মুগ্ধ পুরো বাংলাদেশ। 
 
মুগ্ধতা ছড়িয়েছে তামিম ইকবালের কাছেও। তাই প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় মুমিনুলের ইনিংসটা ছিল মুগ্ধকর। প্রথমেই সে আক্রমণাত্মক ছিল এবং সেভাবেই পুরো ইনিংস খেলে গেছে। যখন সে একশ’করে তখন তার স্ট্রাইক রেট ছিল ১০৩। আমরা জানতাম এখানে ব্যাটিং করা সহজ হবে, বিশেষ করে প্রথম দিনে। এ ছাড়া মুমিনুল তার উইকেটটি নষ্ট করেনি। অনেক সময় দেখা যায়, ব্যাটিং উইকেটে বেশি উত্তেজিত হয়ে ঝুঁকিপূর্ণ শট খেলে অনেকে আউট হয়ে যায়। ও সেটা করেনি। ও জানতো ওর উইকেটটি খুব গুরুত্বপূর্ণ। একটা বড় জুটি গড়া আমাদের জন্য খুব দরকার ছিল। আমার মনে হয় মুশফিক ও মুমিনুল খুব ইতিবাচক ছিল। মারার মতো বল হলে তারা মেরেছে। আমার কাছে মনে হয়, তাদের খেলাটা ভাল ছিল। নটআউট মুমিনুল আরো অনেক দূর যাবে আশা করছি। ব্যক্তিগতভাবে মনে করি, তার (মুমিনুল) কিছু প্রমাণ করার ছিল এবং সে সেটা দারুণভাবে করেছে।’
 
টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ১৬তম ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫৩ বলে ৫২ রান করে ফিরে যান তামিম। এরপরই উইকেটে আসার সুযোগ পান মুমিনুল। উইকেটে গিয়ে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ায়ের পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেন মুমিনুল। এ ছাড়া বাংলাদেশের মধ্যে দ্রুত ২ হাজার রানের রেকর্ডও গড়েন তিনি। আর তৃতীয় উইকেটে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে রেকর্ড জুটিও ছিল মুমিনুলের। তাই দিন শেষে মুমিনুলের অপরাজিত ১৭৫, তামিমের ফিফটি ও মুশফিকুর রহিমের ৯২ রানের সুবাদে ৪ উইকেটে ৩৭৪ রান করতে পারে বাংলাদেশ।
 
ইত্তেফাক/ইউবি