সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আঁলা বেরসে চারদিনের এক সরকারী সফরে ০৪ ফেব্রুয়ারি ২০১৮ বাংলাদেশে আসছেন। সুইস প্রেসিডেন্টের বাংলাদেশে এই প্রথম আনুষ্ঠানিক সফরে দুটি আলোচ্য বিষয় অধিক গুরুত্ব পাবে বলে জানা গেছে। সেগুলো হলো- মিয়ানমারে সংঘটিত সংকটে গুরুতরভাবে প্রভাবিত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং দুইদেশের মধ্যে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা।
এই সফর চলাকালীন সুইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আনুষ্ঠানিক সাক্ষাতের কথা রয়েছে। বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দেয়ার পাশাপাশি, উভয় দেশ অর্থনৈতিক, উন্নয়ন ও সাংস্কৃতিক সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করবে। এছাড়াও, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ এবং বহুপাক্ষিক অঙ্গনে সহযোগিতার বিষয়সমূহ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
আগামী ০৬ ফেব্রুয়ারি মঙ্গলবার কক্সবাজারে কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবেন বেরসে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সুইজারল্যান্ড মানবিক সহায়তা প্রদান করে আসছে। তার এই সফরে, তিনি নাগরিক সমাজের প্রতিনিধি ও বাংলাদেশে সক্রিয় সুইস ব্যবসায়ী সমাজের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়াও তিনি ঢাকা আর্ট সামিট পরিদর্শনে যাবেন, যার সঙ্গে সুইস আর্টস কাউন্সিল প্রো হেলভেশিয়া সম্পৃক্ত।
উন্নয়ন সহযোগিতায় সুইজারল্যান্ড এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। সুইস উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ একটি অগ্রাধিকার প্রাপ্ত দেশ। একই সময়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। ২০১০ সালের পর দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়ে দ্বিগুণ হয়েছে।
ইত্তেফাক/সেতু