রেকর্ড ২০ কোটি পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমানোর পর থেকেই বিষয়টা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। এবার বার্সেলোনার বিরুদ্ধে নেইমারের মামলা সেই দ্বন্দ্বকে নিয়ে গেল আইনি পর্যায়ে।
ফরাসি ক্লাবটিতে পাড়ি জমানোর মাস দশেক আগে ২০১৬ সালের অক্টোবরে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার দাবি, চুক্তি অনুসারে সাবেক ক্লাবের কাছে ২ কোটি ৩০ লাখ পাউন্ড (১০ শতাংশ সুদসহ আরো ৩০ লাখ পাউন্ড) পাবেন তিনি। তবে বার্সেলোনার দাবি, চুক্তির শর্ত ভঙ্গ করায় বরং নেইমারের কাছেই চুক্তি নবায়নের প্রথমাংশ থেকে বোনাস এবং ৮০ কোটি পাউন্ড ক্ষতিপূরণসহ মোট ছয় কোটি ৫০ লাখ পাউন্ড পাবে তারা।
গত আগস্টে নেইমার পিএসজি যাবার সিদ্ধান্ত নেয়ার পর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ব্রাজিলিয়ান তারকা ফরাসি দলটিতে যাবেন জ্ঞাত হয়ে চুক্তি নবায়নের দ্বিতীয়াংশের বোনাস দিতে অস্বীকৃতি জানায় বার্সা। ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ এর দাবি, নেইমার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলায় চুক্তির শর্ত ভঙ্গ করেছেন। তাই কোনো বোনাস পাবেন না। তবে মামলায় নেইমার জিতে গেলে চার বছরে তার জন্য বার্সেলোনার খরচ বেড়ে দাঁড়াবে প্রায় ২৩ কোটি ইউরোতে।
পিএসজিতে গিয়ে দুর্দান্ত খেলছেন নেইমার। তবে এডিসন কাভানি, কোচ উনাই এমেরির সঙ্গে দ্বন্দ্ব এবং ফরাসি লিগের নিম্নমান নিয়ে হতাশা ইত্যাদির কারণে ইতোমধ্যে গুঞ্জন উঠেছে পিএসজি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি।-ডেইলি মেইল।
ইত্তেফাক/কেআই